বান্দরবানে জেএসএস (এমএন লারমা)'র ৬ কর্মী হত্যার ঘটনায় আটক ১ - Southeast Asia Journal

বান্দরবানে জেএসএস (এমএন লারমা)’র ৬ কর্মী হত্যার ঘটনায় আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ৭জুলাই বান্দরবান পার্বত্য জেলা সদরের বাঘমারা এলাকায় জেএসএস (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি’র এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুশান্ত চাকমা (৪০) রাজবিলা ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যোগেশ কারবারি পাড়ার পুতুল চন্দ্র চাকমার ছেলে।

জানা গেছে, গত ৭ জুলাই বাঘমারা এলাকায় জেএসএস এমএন লারমা গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে জেএসএস সন্ত লারমা গ্রুপের ১০ জনের নামে এবং অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে সুশান্ত চাকমাকে আটক করেছে। সে জেএসএস এর একজন সক্রিয় কর্মী। তার বাড়ি রাজবিলা ইউনিয়নে। সে বান্দরবানের বিভিন্ন এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করতো। শনিবার (১১জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বাঘমারা ৬ খুনের ঘটনায় অজ্ঞাত আসামি হিসেবে সুশান্ত চাকমা নামের একজনকে আটক করা হয়েছে, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে।