কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা
![]()
জার্নাল প্রতিবেদক
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে সফল তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা মৎস্য কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর ও কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নারী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, মৎস্য চাষের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হচ্ছে। কাপ্তাইয়ের মৎস্যজীবী ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে এ খাত আরও এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদ বলেন, মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এজন্য মৎস্যজীবী ও চাষিদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সফল মৎস্য উদ্যোক্তা কুতব উদ্দীন মঙ্গল, মো. আব্দুর রব ও বিন্দু লাল তঞ্চঙ্গ্যাকে বিশেষ সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের হাতে সম্মাননা ও অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে কাপ্তাইয়ের স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।