বান্দরবান জেলা পরিষদে লামার প্রতিনিধি না রাখার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

বান্দরবান জেলা পরিষদে লামার প্রতিনিধি না রাখার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

বান্দরবান জেলা পরিষদে লামার প্রতিনিধি না রাখার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য মনোনীত না করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। আন্দোলনকারীরা জেলা পরিষদে লামা থেকে দ্রুত একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে দাঁড়ান। এ সময় ‌‌`বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম, সমাজকর্মী ও সাংবাদিক আবদুল করিম, সাংবাদিক নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রহুল আমিন।

বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামার মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখা স্থানীয় জনগণের প্রতি বৈষম্যের শামিল। দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কার্যক্রমে লামার মানুষের প্রতিনিধিত্বের প্রত্যাশা থাকলেও নতুন পরিষদে এ উপজেলা থেকে কাউকে সদস্য হিসেবে মনোনীত করা হয়নি।

বান্দরবান জেলা পরিষদে লামার প্রতিনিধি না রাখার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

তাদের অভিযোগ, লামা উপজেলা আয়তন, জনসংখ্যা ও ভৌগোলিক গুরুত্বের দিক থেকে বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। অথচ নবগঠিত জেলা পরিষদে এ উপজেলার কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয় জনগণের স্বার্থ ও প্রত্যাশা যথাযথভাবে প্রতিফলিত হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, পার্বত্য এলাকার সুষম উন্নয়ন, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সব উপজেলার ন্যায্য প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। লামাকে প্রতিনিধিত্বশূন্য রেখে জেলা পরিষদ পরিচালনা করা হলে উপজেলার উন্নয়ন ও স্থানীয় জনগণের মতামত যথাযথ গুরুত্ব পাবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হবে।

মানববন্ধন থেকে আন্দোলনকারীরা নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে লামার প্রতি বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা।

উল্লেখ্য, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিষদে চেয়ারম্যানসহ মোট ১৫ সদস্য রয়েছেন। পরিষদের সদস্য তালিকায় লামা উপজেলা থেকে কোনো প্রতিনিধি না থাকায় স্থানীয়ভাবে এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed