ছত্তিশগড় থেকে প্রত্যাহার করে মণিপুরে ১ হাজারের বেশি সিআরপিএফ সদস্য মোতায়েন

ছত্তিশগড় থেকে প্রত্যাহার করে মণিপুরে ১ হাজারের বেশি সিআরপিএফ সদস্য মোতায়েন

ছত্তিশগড় থেকে প্রত্যাহার করে মণিপুরে ১ হাজারের বেশি সিআরপিএফ সদস্য মোতায়েন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ছত্তিশগড়ের মাওবাদীবিরোধী অভিযান এলাকা থেকে এক হাজারের বেশি সদস্যের একটি ব্যাটালিয়ন প্রত্যাহার করে মণিপুরে মোতায়েন করেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)। রাজ্যটিতে চলমান জাতিগত সহিংসতার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার গত মার্চে দেশ থেকে সশস্ত্র মাওবাদী তৎপরতা নির্মূলের ঘোষণা দেওয়ার পর মাওবাদীবিরোধী অভিযান এলাকা থেকে কোনো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রত্যাহারের ঘটনা এটিই প্রথম।

পিটিআইয়ের বরাত দিয়ে সরকারি কর্মকর্তারা জানান, প্রত্যাহার করা ব্যাটালিয়নটি ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার অঞ্চলের সুকমা জেলায় মোতায়েন ছিল। একসময় মাওবাদী বিদ্রোহীদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ এলাকায় ব্যাটালিয়নটি বেশ কয়েক বছর ধরে বামপন্থী উগ্রবাদবিরোধী (এলডব্লিউই) অভিযানে অংশ নেয়। তবে গত মার্চে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর তাদের দায়িত্বের ধরনে পরিবর্তন আসে। তখন থেকে তারা মূলত মাইন অপসারণ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত এবং নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত ছিল।

দিল্লিভিত্তিক একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, মণিপুরে সিআরপিএফের উপস্থিতি আরও শক্তিশালী করতে বাহিনীর সদর দপ্তর ব্যাটালিয়নটি প্রত্যাহারের নির্দেশ দেয়। ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যটিতে জাতিগত সহিংসতা অব্যাহত রয়েছে।

এর আগে সিআরপিএফের বিশেষ জঙ্গলযুদ্ধ ইউনিট কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন (কোবরা)-এর দুটি ব্যাটালিয়ন মণিপুরে পাঠানো হয়। পাশাপাশি বাহিনীর আরও কয়েকটি নিয়মিত ইউনিট এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (র‌্যাফ) সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছেন।

তবে নতুন করে এক হাজারের বেশি সদস্য মোতায়েনের ফলে মণিপুরে নিরাপত্তা বাহিনীর আবাসন ও রসদ সরবরাহসংক্রান্ত বিদ্যমান চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যাটালিয়নের সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের মাওবাদীবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সিআরপিএফ। এ অভিযানে বাহিনীর এক লাখের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। মাওবাদী বিদ্রোহের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর অন্যতম ছত্তিশগড়ে সিআরপিএফের নিয়মিত ও কোবরা ইউনিটের ২৫টির বেশি ব্যাটালিয়ন মোতায়েন ছিল।

প্রত্যাহারের পর সুকমায় ওই ব্যাটালিয়নের দায়িত্বে থাকা বিভিন্ন নিরাপত্তা পোস্ট ও কার্যক্রম পরিচালনার জন্য পার্শ্ববর্তী সিআরপিএফ ইউনিট এবং ছত্তিশগড় পুলিশকে নির্দেশ দিয়েছে বাহিনীর সদর দপ্তর।

তবে ব্যাটালিয়ন প্রত্যাহারের সিদ্ধান্তে ছত্তিশগড়ের মাওবাদীবিরোধী নিরাপত্তাব্যবস্থায় কিছুটা শূন্যতা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, সম্প্রতি সুকমা এলাকায় সড়ক ও চলাচলের পথগুলো জনসাধারণের জন্য নিরাপদ করতে ব্যাটালিয়নটি ব্যাপক মাইন অপসারণ এবং আইইডি নিষ্ক্রিয়করণ কার্যক্রমে অংশ নিয়েছিল।

এদিকে, সিআরপিএফের আরও কয়েকটি ব্যাটালিয়ন প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। তাঁর ভাষ্য অনুযায়ী, ছত্তিশগড় ও ওডিশার মাওবাদীবিরোধী অভিযান এলাকা থেকে অন্তত আরও তিনটি আধাসামরিক ব্যাটালিয়ন সরিয়ে নেওয়ার প্রস্তাব রয়েছে। এসব ইউনিটের সদস্যদের মণিপুরে অথবা পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রতিফলনও এ প্রত্যাহার পরিকল্পনায় রয়েছে। পরিস্থিতির উন্নতির ফলে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দায়িত্ব ধীরে ধীরে স্থানীয় পুলিশ বাহিনীর কাছে হস্তান্তরের সুযোগ তৈরি হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed