পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপদ অগ্নিনির্বাপণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে পানছড়ি বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস, বাজার উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কার্যক্রমে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পানছড়ি সাব জোন অধিনায়ক ক্যাপ্টেন তায়েইব বিন মসলেম।

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিটন বৈঞ্চব, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসমাইল, যুগ্ম সম্পাদক আল আমিনসহ সংশ্লিষ্টরা।
সচেতনতামূলক কার্যক্রমে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা ঘটার পর ক্ষয়ক্ষতি কমানোর জন্য দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
বিশেষ করে বাজারের মতো ঘনবসতিপূর্ণ ও জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেন।

এ সময় আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম ও পাহাড়ি এলাকার জনবহুল বাজারগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এ ধরনের কার্যক্রম স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াবে।
তাদের মতে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর না করে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটি, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রস্তুতি থাকলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।