কাপ্তাইয়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ১২৮ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন। দুর্গম এলাকায় সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় ১২৮ জন স্থানীয় বাসিন্দা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) হাজাছড়া দায়িত্বপূর্ণ এলাকার বাকছড়ি পাড়া কিয়াং ঘরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এলাকাটি হাজাছড়া আনসার ক্যাম্প থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে অবস্থিত।
দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে দূরবর্তী এসব এলাকায় চিকিৎসাকেন্দ্রে যাতায়াত ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করে। এমন বাস্তবতায় স্থানীয় মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার বিভিন্ন বয়সী মানুষ।
১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ-এর তত্ত্বাবধানে এবং ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. ইফতেখার হোসাইনের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। নারী ও শিশুসহ স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
সংশ্লিষ্টরা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিকিৎসাসেবার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় জনগণের কল্যাণ ও জনসেবার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।