বাঘাইছড়িতে পাচারকালে ৭২ ঘনফুট সেগুন-গামারী কাঠ উদ্ধার করল বিজিবি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭২ দশমিক ৫৬ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কাঠের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর আওতাধীন রিভারঘাট পোস্টের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে টহল দলটি মারিশ্যা উপজেলার মডেল টাউন এলাকায় অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় মডেল টাউন এলাকায় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা কাঠের সন্ধান পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। উদ্ধার করা কাঠের মধ্যে ৬৪ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭ দশমিক ৮৮ ঘনফুট গামারী কাঠ রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা কাঠের পরিমাণ ৭২ দশমিক ৫৬ ঘনফুট।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনফুট ৪ হাজার ৫০০ টাকা হিসাবে মোট ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।
তবে অভিযানের সময় কাঠের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়ায় সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতি ব্যবহার করে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অবৈধভাবে কাঠসহ বিভিন্ন পণ্য পাচার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।