বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা মৎস্যজীবী দল ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকালে রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে কাপ্তাই হ্রদে প্রায় ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আসামবস্তি-কাপ্তাই সড়কের নীলাম্বরী লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিল্টু চাকমা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব ফনীন্দ্র চাকমাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি ও স্থানীয় মানুষের জীবিকা ও কর্মসংস্থানে অবদান রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রূপালী বিপ্লব’-এর ধারণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ

বক্তারা আরও বলেন, দেশের নদ-নদী, খাল-বিল ও হাওরসহ বিভিন্ন জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন মানুষের আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্য খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন নেতাকর্মীরা। কাপ্তাই হ্রদ ও এর আশপাশের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবেই মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।