উখিয়ায় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ওষুধ বিক্রির ক্ষেত্রে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে।
অভিযানকালে মোসলেম ফার্মেসিকে ৮০ হাজার টাকা, আইডিয়াল বেকার্সকে ২০ হাজার টাকা এবং হাশেম ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনিয়মের ধরন ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এসব অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার, ড্রাগ সুপার ফরহাদ এবং স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারের কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ ব্যবসা পরিচালনার মতো অনিয়ম পাওয়া যায়। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ফলে মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত বা অনুমোদনহীনভাবে বিক্রি হওয়া ওষুধ মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে প্রত্যন্ত ও ঘনবসতিপূর্ণ এলাকায় ওষুধ বিক্রির ক্ষেত্রে নিয়ম-নীতি নিশ্চিত করা জরুরি। এ ধরনের মোবাইল কোর্টের মাধ্যমে অনিয়ম শনাক্ত ও জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে চলার বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি কিংবা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।”
প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু জরিমানা আদায় নয়, বাজারে ওষুধের মান ও বৈধতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা পাওয়ার পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও কুতুপালংসহ উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, ওষুধ বিক্রির ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তৎপরতা জনস্বার্থে গুরুত্বপূর্ণ। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রবণতা কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপদ ওষুধ ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়বে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।