পাট কিনে ফেরার পথে ভুলে ভারতে, বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক
![]()
জার্নাল প্রতিবেদক
রাজশাহীর বাঘা থেকে পাট কিনে নদীপথে ফেরার সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝিমাল্লা। ঘটনার পাঁচ দিন পার হলেও তাদের ফেরত না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার-সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে বিএসএফ। আটক ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজ শিক্ষার্থী মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী (৪০) এবং নৌকার মাঝি সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম (৩৮)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে তারা পাট কিনে নৌকায় করে নদীপথে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। রাতে পদ্মা নদীতে তীব্র স্রোতের বিপরীতে নৌকা চালানোর সময় মাঝিরা দিক হারিয়ে ফেলেন। একপর্যায়ে নৌকাটি সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যায়। এ সময় বিএসএফের টহল দল পাটবোঝাই নৌকাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।
ঘটনার পর আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া আটক ব্যক্তিদের ফেরত দেওয়া সম্ভব নয়।
এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও স্বজনদের কাছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারগুলোর। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক ব্যক্তিরা এলাকার পরিচিত ব্যবসায়ী ও সাধারণ শ্রমজীবী মানুষ। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোনো ইতিহাস নেই। নদীতে নৌকা চালানোর সময় সম্পূর্ণ ভুলবশত তারা ভারতের সীমান্তে ঢুকে পড়েছেন।
পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, ‘আটক ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র ও নিরপরাধ। দ্রুত তাদের ফেরত আনার দাবি জানাচ্ছি।’
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, বিএসএফের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়ার নির্দেশ পেয়েছে। এ কারণে আটক পাঁচ বাংলাদেশিকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
আটক ব্যক্তিদের স্বজনরা দ্রুত প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।