সীমান্তে ২৩ বিজিবির অভিযানে ১ লাখ ৩৪ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৪ হাজার ৬৪০ টাকা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধীন দেওয়ানবাড়ি বিওপি থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে সিংহপাড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩২ পিস ভারতীয় প্রিংলস পটেটো ক্রিস্পস, যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৮০০ টাকা; ৭২ পিস ভারতীয় ফগ বডি স্প্রে, যার মূল্য ২১ হাজার ৬০০ টাকা এবং ১৪৪ পিস ভারতীয় ফগ মাস্টার বডি স্প্রে, যার মূল্য ৪৮ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৪০ টাকা।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, বনজ সম্পদ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ডেও বিজিবির ভূমিকা প্রশংসনীয়।
উল্লেখ্য, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের স্বার্থ ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধারাবাহিক তৎপরতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।