ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাতভর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেশ কিছু এলাকায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ইসলামপুর এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্যোগের এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে খাগড়াছড়ি সদর ক্যান্টনমেন্টসংলগ্ন ২ নম্বর গেট (কিচেন ব্রিজ) এলাকায় সদর জোনের উদ্যোগে ১৪০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের তাৎক্ষণিক প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এ মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়।

খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমানের নির্দেশক্রমে আয়োজিত এ খাদ্য বিতরণ কার্যক্রমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার রিপন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার তুলে দেন।
স্থানীয়দের ভাষ্য, রাতভর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই বিভিন্ন নিম্নাঞ্চলে পানি বেড়ে যায়। এতে বসতবাড়িতে পানি প্রবেশ করায় পরিবারগুলোকে দুর্ভোগে পড়তে হয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে খাবার সহায়তা দেওয়ায় তাদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

দুর্যোগের সময় মানুষের প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের কাছে সেনাবাহিনীর মানবিক ভূমিকার আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্য সহায়তা নিশ্চিত করতে সদর জোনের এ কার্যক্রম দুর্গতদের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে এসেছে। স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।