টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক, ইজিবাইক জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। উপকূলীয় বাহারছড়া এলাকা থেকে টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকায় দেশীয় মদ সরবরাহের অভিযোগের মধ্যেই এ অভিযান চালানো হলো।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শ্যামলাপুর এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইকের গতিবিধি পর্যবেক্ষণের পর সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইক থেকে ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
অভিযানের সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার দুপুর ২টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে বাহারছড়া ইউনিয়নের উপকূলীয় রাখাইনপাড়া এলাকা থেকে একটি চক্র দেশীয় মদ সংগ্রহ করে টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকায় সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, রাখাইনপাড়া এলাকা থেকে এসব দেশীয় মদ টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া, কলেজপাড়া, শীলবনিয়াপাড়া, ডেইলপাড়া, আলিয়াবাদ ও নাইট্যংপাড়াসহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র এসব মাদক সরবরাহের সঙ্গে জড়িত রয়েছে। মাদক পরিবহনে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহারের অভিযোগও রয়েছে। এতে টেকনাফ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা হলে উপকূলীয় এলাকা থেকে মাদক সরবরাহের এ ধরনের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে মাদকের উৎস, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে পুরো চক্রের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।