বান্দরবান শহরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন এবং যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে বান্দরবান পৌরসভা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও বিভিন্ন মালামাল রাখায় পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ছিল, অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটও সৃষ্টি হচ্ছিল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের ট্রাফিক মোড় থেকে বান্দরবান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, ভাসমান হকারদের সামিয়ানা ও বিভিন্ন ধরনের মালামাল সরিয়ে দেওয়া হয়।
এ সময় দোকানের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত দখল করে মালামাল রাখায় স্থায়ী ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে পৌর কর্তৃপক্ষ।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, প্রথম পর্যায়ে ফুটপাত দখলকারীদের সতর্ক করা হচ্ছে। এরপরও কেউ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের ব্যস্ততম সড়ক ও ফুটপাতগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অস্থায়ী স্থাপনা, দোকানের পণ্য ও ভাসমান ব্যবসার সামগ্রী রাখায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারীরা ফুটপাত ছেড়ে মূল সড়কে নেমে আসায় যানবাহন চলাচলেও ধীরগতি তৈরি হচ্ছিল।
স্থানীয়রা বলছেন, নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্ত রাখা গেলে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে যানজট নিরসনেও এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।