ধর্মীয় ভাবগাম্ভীর্যে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা। এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে মধু পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্চশীল গ্রহণের পর পূণ্যার্থীরা বুদ্ধের উদ্দেশে মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন জাতের ফল ও ছোয়াইং (আহার) দান করেন।

এ সময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ কেতু মহাথের এবং উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের উপস্থিত থেকে পূণ্যার্থীদের পঞ্চশীল প্রদান করেন। পাশাপাশি তারা ধর্মীয় দেশনা দেন এবং মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন।
দিনব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা শ্রবণ, পূজা-অর্চনা ও প্রার্থনার আয়োজন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে গিয়ে গুরু ভান্তের ধর্মদেশনা শ্রবণ করেন এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পরিবার, পিতা-মাতা, গুরুজন, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন। এ সময় বিভিন্ন বিহারে হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গৌতম বুদ্ধ পারিলেয়া বনে বর্ষাবাস পালনের সময় একটি হাতিকে প্রতিদিন বুদ্ধের সেবা করতে দেখেন এক বানর। হাতিটি বুদ্ধকে বিভিন্ন জাতের ফল ও ফুল দিয়ে সেবা করত। এতে বানরের মধ্যেও বুদ্ধের প্রতি ভক্তি জাগ্রত হয়। পরে সে বনের একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করে। এই ঘটনাকে স্মরণ করেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।
মধু পূর্ণিমাকে ঘিরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকেই পূণ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বুদ্ধের আদর্শ অনুসরণ, শান্তি, মৈত্রী ও সকল প্রাণীর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।