স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীদের গুরুত্ব, ‘কলঙ্কিতদের মনোনয়ন নয়’: ওয়াদুদ ভূঁইয়া

স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীদের গুরুত্ব, ‘কলঙ্কিতদের মনোনয়ন নয়’: ওয়াদুদ ভূঁইয়া

স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থীদের গুরুত্ব, ‘কলঙ্কিতদের মনোনয়ন নয়’: ওয়াদুদ ভূঁইয়া
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আগামী স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি, জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি। তিনি বলেছেন, বিভিন্নভাবে বিতর্কিত বা ‘কলঙ্কিত’ হয়ে যাওয়া ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে না। বড় নেতা হলেও জনসম্পৃক্ততা না থাকলে তাকে মনোনয়ন না দেওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, “যারা ইতিমধ্যে বিভিন্নভাবে কলঙ্কিত হয়ে গেছেন, আমরা তাদের নমিনেশন দিতে পারব না। যারা মানুষের গাছ কেটে ফেলছে, বাগান কেটে ফেলছে—এমন নেতাও আমরা দিতে পারব না। বড় নেতা, কিন্তু জনসম্পৃক্ততা নেই—তাদেরও নমিনেশন দেওয়া হবে না। নেতা ছোট, কিন্তু জনসম্পৃক্ততা আছে, জনপ্রিয়তা আছে—তাদের আমরা সমর্থন দেব।”

দলের ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শুরুর নির্দেশনা দিয়ে তিনি বলেন, দলে যোগ্য ব্যক্তি পাওয়া না গেলে এমন ব্যক্তিকেও প্রার্থী হিসেবে বিবেচনায় আনতে হবে, যিনি কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য এবং জনসম্পৃক্ততা রয়েছে। তবে অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ইউনিয়ন পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে ওয়াদুদ ভূঁইয়া রামগড়ের তৈছালাপাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে নির্মিত পরিত্যক্ত আবাসিক অনাথ আশ্রম, মাষ্টারপাড়ায় নির্মাণাধীন অবস্থায় পরিত্যক্ত টাউন হল এবং রামগড় পর্যটন লেক পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসব স্থাপনার বর্তমান অবস্থা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে ওয়াদুদ ভূঁইয়া এসব স্থাপনা পুনর্নির্মাণ ও চালু করার পাশাপাশি রামগড় পর্যটন লেকের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন অব্যবহৃত ও অবহেলিত এসব স্থাপনা পুনরায় চালু করা গেলে স্থানীয় জনগণের উপকারের পাশাপাশি রামগড়ের পর্যটন সম্ভাবনাও কাজে লাগানো সম্ভব হবে।

পরিদর্শনের সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *