উখিয়ায় কেফায়াত হত্যা মামলার পলাতক আসামি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়ের (২৫)কে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি-৯ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ২০ মিনিটের দিকে জুবায়েরের বসতঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জুবায়ের কুতুপালং ক্যাম্পের মৃত কবির আহমেদের ছেলে। এসআরবি-১৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য অনুযায়ী, জুবায়ের কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-১৫ সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা জুবায়েরকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ক্যাম্প এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।