সরকারি কর্মকর্তাদের সঙ্গে দীপেন দেওয়ানের মতবিনিময়, স্বচ্ছতা-জবাবদিহি ও জনসেবার মান বাড়ানোর আহ্বান
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, সরকারি দপ্তরগুলোকে জনগণের কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবার মান বাড়াতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাপ্তাই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় সংসদ সদস্য দীপেন দেওয়ান কাপ্তাই উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, কাপ্তাইয়ের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকারি দপ্তরগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে যাতে মানুষকে অযথা হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা, সমাজসেবা ও অন্যান্য খাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব। একই সঙ্গে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি স্থানীয় মানুষের প্রয়োজন ও সমস্যাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সরকারি দপ্তরের কার্যক্রমে সমন্বয় বাড়ানোর মাধ্যমে জনগণের কাছে সেবা আরও সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্যের আইনশৃঙ্খলাবিষয়ক প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের কাপ্তাইয়ের ত্রাণ ও সমাজসেবাবিষয়ক প্রতিনিধি মংসুইপ্রু মারমা।
এ ছাড়া সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।