ডেঙ্গু প্রতিরোধে পেকুয়ার ৫৬ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিল ১৩ হাজার শিক্ষার্থী
![]()
জার্নাল প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধ ও বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ কর্মসূচিতে অংশ নেন।
একযোগে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। সকাল থেকেই বিদ্যালয়গুলোর আঙিনা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে ছোট ছোট শিক্ষার্থীরা। কেউ ঝাড়ু দিয়ে জমে থাকা পাতা পরিষ্কার করেছে, কেউ কাগজসহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করেছে। পরে এসব আবর্জনা বিদ্যালয়ের নির্ধারিত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকেরাও শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন। বিদ্যালয়ের আঙিনা কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়, হাতে-কলমে সেই শিক্ষা দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে একদিকে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন হচ্ছে, অন্যদিকে শিশুদের মধ্যেও পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে।
শিক্ষকেরা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে এর প্রভাব পরিবার ও সমাজেও পড়বে। বিদ্যালয়ে শেখা অভ্যাস শিক্ষার্থীরা বাড়িতেও প্রয়োগ করতে পারে। ফলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়বে।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে অভ্যস্ত হয়ে উঠবে।
পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস বলেন, উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে একদিন করে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়কেন্দ্রিক এ কার্যক্রমের মাধ্যমে শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিতভাবে বিদ্যালয়ের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।