লামায় হাত-পা ও মুখ বাঁধা দিনমজুরের মরদেহ উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামায় হাত-পা ও মুখ বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিঝিড়ি এলাকার একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছগির রূপসীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া ছামাইছড়ি গ্রামের নুর হোসাইনের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে একদল জুমচাষি জুমের কাজ করতে যাওয়ার সময় ঝোপঝাড়ের ভেতরে হাত-পা ও মুখ বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রূপসীপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম বলেন, ঝোপঝাড়ের মধ্যে হাত-পা ও মুখ বাঁধা এবং বিবস্ত্র অবস্থায় মরদেহটি পড়ে ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। নিহত ব্যক্তি দিনমজুর হিসেবে কাজ করতেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কারা এবং কী কারণে এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।