লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও বিভিন্ন উপকরণ পেলেন প্রান্তিক কৃষকরা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী ‘প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের হাতে সনদ ও বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক কৃষকদের হাতে প্রশিক্ষণের সনদসহ বীজ, স্প্রেয়ার মেশিন ও কম্পোস্ট সার তুলে দেন।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। সমতলের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকাতেও কৃষিতে সম্ভাবনা রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে পাহাড়ের কৃষকদের আরও দক্ষ করে গড়ে তোলা সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তবে এসব প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে। কৃষকদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয়ভাবে কৃষিকে আরও উৎপাদনমুখী করার মাধ্যমে সমৃদ্ধ কৃষি অর্থনীতি গড়ে তোলার সুযোগ রয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় কৃষকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ সরবরাহকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জামের অভাবে অনেক সময় পাহাড়ি এলাকায় কৃষির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় না। প্রশিক্ষণের পাশাপাশি বীজ, স্প্রেয়ার মেশিন ও কম্পোস্ট সার পাওয়ায় কৃষকেরা নিজেদের জমিতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আরও উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক ও লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক কৃষকদের কৃষি ব্যবস্থাপনা, আধুনিক চাষাবাদ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ ব্যবহারে দক্ষ করে তোলার এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।