গুইমারায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা, বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা এবং জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিআইডি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পি চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোরোয়ার্দী, রামগড় উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা খন্দকার তৌহিদ, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ এবং গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।
সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরা, জনগণের সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে জবাবদিহির পরিবেশ তৈরিতেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য অনেক সময় সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায় না। স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসব এলাকার মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও সরকারি সেবার বাস্তব অবস্থা তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দায়িত্বশীল, নিরপেক্ষ ও যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. আলমঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক মো. সাইফুর রহমান ও মীর বাবলু।
বক্তারা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি ও কর্মসূচি রয়েছে, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি ও স্থানীয় পর্যায়ের সমস্যা গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। এতে একদিকে জনগণ সরকারি কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারবেন, অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোও মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাবে।
সভায় সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে উন্নয়ন, শিক্ষা, কৃষি, যুব উন্নয়ন, সমাজসেবা, আইনশৃঙ্খলা ও অন্যান্য জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিয়মিত তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনগণের কাছে সঠিক ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার গণমাধ্যমকর্মীরা স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর সঙ্গে গণমাধ্যমের সমন্বয় আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতামত দেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।