রাজস্থলীতে এক মাসে ডেঙ্গু আক্রান্ত তিন গুণ, বাড়ছে আতঙ্ক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলীতে এক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। দেশের অন্যান্য এলাকার মতো পার্বত্য এই উপজেলাতেও ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে পুরো উপজেলায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগের মাস আগস্টে এ সংখ্যা ছিল মাত্র ৭ জন। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগীকেই রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে কয়েকজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান বলেন, গত কয়েক মাস ধরে সারা দেশের মতো রাজস্থলীতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে এ সময়ে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বসতবাড়ির আঙিনা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।