বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নম্বর রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
এতে রূপকারী ইউনিয়নের করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রূপকারী এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের আনুমানিক ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা কার্যক্রমে বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব এবং ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ রোগীদের চিকিৎসাসেবা দেন।
এ সময় বাঙালি পাড়ার মেম্বার মো. নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এর আগেও জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকার এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।