রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ, চমেকে নবজাতকের মৃত্যু
![]()
প্রসবের সময় জটিলতা সামাল দিতে ব্যর্থতার অভিযোগ পরিবারের • তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি জেনারেল হাসপাতালে সন্তান প্রসবের সময় চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার কারণে এক নবজাতকের শারীরিক অবস্থার অবনতি এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাতকের পরিবারের অভিযোগ, প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ার পরও যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিশুটির অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) নবজাতকটির মৃত্যু হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এর আগে রোববার (৪ অক্টোবর) রাঙামাটির সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেয় নবজাতকের পরিবার। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সিভিল সার্জন নুয়েন খীসা বলেছেন, প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বাসিন্দা সুজন চাকমার স্ত্রী নীতিষা চাকমা (২০) সন্তান প্রসবের জন্য গত শুক্রবার (২ অক্টোবর) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন শনিবার তাঁর প্রসববেদনা শুরু হলে তাঁকে লেবার রুমে নেওয়া হয়। একপর্যায়ে নবজাতকের মাথা আংশিক বেরিয়ে আসে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, ওই সময় কর্তব্যরত নার্স সিজারিয়ান অপারেশনের প্রয়োজন রয়েছে জানিয়ে হাসপাতাল রোডের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা এবং সেদিন হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকায় তাঁরা বিপাকে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের ভাষ্য, পরে দীর্ঘ সময় পর একজন সিনিয়র নার্সের মাধ্যমে স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। তবে ততক্ষণে নবজাতকের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ। শিশুটির অবস্থার আরও অবনতি হলে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
নবজাতকের পরিবারের অভিযোগ, রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।
নবজাতকের নানা জ্ঞান বিকাশ চাকমা রোববার রাঙামাটির সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে প্রসবকালীন চিকিৎসাসেবার পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন নুয়েন খীসা বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনা কী হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
তবে পরিবারের তোলা অভিযোগের বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বা নার্সদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসাসেবায় প্রকৃতপক্ষে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।