লামায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আংসারঝিরি এলাকায় নাসরিন সুলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।
নিহত নাসরিন সুলতানা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আংসারঝিরি এলাকার আব্দুল গফুর ও রুপিয়া খাতুনের মেয়ে।
নিহতের স্বজনদের দাবি, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাজিল পাড়ার মৃত আবু তালেক ও ফরিদা বেগমের ছেলে মো. বেলাল (১৯)-এর সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। স্বজনদের ভাষ্য অনুযায়ী, প্রায় আট বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল। সম্প্রতি দুই পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে কথাবার্তাও চলছিল।
স্বজনদের অভিযোগ, বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলে বেলালের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে। এ বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
তাদের দাবি, এ বিরোধের জের ধরেই নাসরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আংসারঝিরি এলাকার একটি বাগানে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আলী আহম্মদ অভিযোগ করেন, তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নাসরিন সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।