পানছড়িতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রস্তুতি সভা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ১১টি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন।
সভায় পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, ডা. রাজেস চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার ১১টি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার দিনগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। উৎসবটি যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি পূজামণ্ডপের দায়িত্বশীলদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় পানছড়িতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।