ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে ২ লাখ ইয়াবা জব্দ, আটক ২ রোহিঙ্গা
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বাকি এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহ (২৩)। তাঁরা দুজনই এফডিএমএন ক্যাম্প-৮-এর বাসিন্দা।
অন্যদিকে, রোববার ভোর ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী এলাকায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দের ঘটনা মাদক পাচার প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।