দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কারে সাইমানের তিন সম্মাননা
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার (সাটা) ২০২৬-এ তিনটি সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা প্রতিষ্ঠান সাইমান। এর মধ্য দিয়ে টানা অষ্টম বছরের মতো এ পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
গত ৮ অক্টোবর মালদ্বীপের মালে শহরে আয়োজিত সাটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাইমানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ক্লাস্টার জেনারেল ম্যানেজার পুবুদু ফার্নান্দো।
এবার সাইমান পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিসোর্ট ও হোটেল ব্র্যান্ডের পুরস্কার। এ ছাড়া সাইমান বিচ রিসোর্ট পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সমুদ্রসৈকত হোটেল ও রিসোর্ট এবং সাইমান হেরিটেজ পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্টের স্বীকৃতি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ১৯৬৪ সালে যাত্রা শুরু করা সাইমান ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আতিথেয়তা শিল্পে কাজ করছে। কক্সবাজারে অবস্থিত সাইমান বিচ রিসোর্ট আধুনিক সমুদ্রসৈকতকেন্দ্রিক অবকাশযাপনের অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, সাইমান হেরিটেজ প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও উত্তরাধিকার বহন করছে।
সাইমান বিচ রিসোর্ট ও সাইমান হেরিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পুবুদু ফার্নান্দো বলেন, ‘এই অর্জন আমাদের দলের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য। পারস্পরিক সহযোগিতা, নিষ্ঠা ও দলগত কাজের ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমাদের সহকর্মী, অতিথি, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
তিনি আরও বলেন, এ পুরস্কার ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়া এবং সাইমানের ঐতিহ্য সংরক্ষণে অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশের আতিথেয়তার উষ্ণতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অতিথিসেবার মান উন্নয়ন, আতিথেয়তায় উৎকর্ষ বজায় রাখা এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।