কাপ্তাইয়ে কর্ণফুলীর মৎস্যসম্পদ রক্ষায় ২৫ মৎস্যজীবীকে প্রশিক্ষণ
![]()
জার্নাল প্রতিবেদক
কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ জন মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে মাছের পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, আধুনিক মৎস্য চাষের কৌশল এবং মৎস্যসম্পদ সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
প্রশিক্ষণে হালদা নদী এবং এর সঙ্গে সংযুক্ত কর্ণফুলী নদীর মৎস্যসম্পদের গুরুত্ব, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি, মাছের উৎপাদন বাড়ানোর কৌশল এবং মৎস্যসম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নদীর জীববৈচিত্র্য রক্ষা, মাছের পোনা উৎপাদন ও পরিবহনে সতর্কতা এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করছেন কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ এবং রাঙামাটি সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান। তাঁরা প্রশিক্ষণার্থীদের আধুনিক মৎস্য ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন।
কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এরশাদ বিন শহীদ বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে মৎস্যজীবীদের দক্ষতা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় দক্ষ করে তোলার পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে আরও সচেতন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা গেলে দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের উৎপাদন ও জীববৈচিত্র্য বজায় রাখা সম্ভব হবে। এ ক্ষেত্রে মৎস্যজীবীদের প্রশিক্ষিত করা এবং প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগ করা গেলে কর্ণফুলী নদীর মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।