কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট লেক প্যারাডাইসের ভিআইপি শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। তিনি কৃতী শিক্ষার্থীদের অর্জন ধরে রাখার পাশাপাশি পড়াশোনার এ সময়টিকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশ নিতে হবে, যাতে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
এ সময় ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রভাষক তামান্না ইসলাম ও রোজ সোনিয়া চৌধুরী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।