২৪ ঘণ্টার মধ্যে সাজেকের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
![]()
জার্নাল প্রতিবেদক
পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাজেক ভ্যালি ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সাজেক পর্যটনকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা, পর্যটক ও পর্যটন খাতসংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন, খাবারের দোকানসহ পর্যটনশিল্পের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটনের ভরা মৌসুমে সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় এ খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। হোটেল-মোটেল, রিসোর্ট, পরিবহন ও খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিক সংকটে পড়ছেন। দীর্ঘ সময় এ পরিস্থিতি চলতে থাকলে স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।
বক্তারা বলেন, সাজেক শুধু একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র নয়, এটি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও গোলাগুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে পর্যটক ও ব্যবসায়ীদের ওপর। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক পর্যটন কার্যক্রম চালুর পরিবেশ তৈরি করতে হবে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা সাজেকের নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, দুর্গম এ পর্যটন এলাকায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাচৌকি বা ক্যাম্প বাড়ানোর বিষয়টিও বিবেচনা করার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো হয়। এতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাজেক ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পর্যটনশিল্পের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় মানুষের জীবিকা রক্ষার পথ তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।