বান্দরবানে রিসোর্টে নিয়ে স্বজাতির তরুণীকে ধর্ষণ, এনসিপি নেতা শৈক্যচিং মার্মা গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে স্বজাতির এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তাঁর মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। অভিযোগ, শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাঁকে রিসোর্টে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।
এদিকে, স্থানীয় বাসিন্দা নুরুল আলম অভিযোগ করেছেন, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।