মহালছড়িতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, উপহার দিলেন জোন অধিনায়ক
![]()
জার্নাল প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের পক্ষ থেকে ফলের ঝুড়ি ও আর্থিক উপহার তুলে দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসবের আয়োজন ঘুরে দেখেন। পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার চিত্র দেখা যায়।

পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক উপহার তুলে দিয়ে জোন অধিনায়ক উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে মহালছড়িতে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।