বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ১৬ নারীকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ১৬ নারীকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ১৬ নারীকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৬ নারীকে ধাত্রীবিদ্যাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও যাতায়াত খরচ বাবদ প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান সেনানিবাসের মিলিটারি ড্রেসিং স্টেশনের (এমডিএস) দ্বিতীয় তলায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মো. শাহীন হোসেন চৌধুরী এবং রিজিয়নের স্টাফ অফিসার লেফটেন্যান্ট জান্নাতুল মাওয়া।

বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ১৬ নারীকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্রের পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসামগ্রী দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন বি-কমপ্লেক্স, ক্যালসিয়াম ও আয়রন ট্যাবলেট, পিপিআই, ওরস্যালাইন, ফেস মাস্ক, গ্লাভস, বায়োডিন সলিউশন, পোভিসেফ অয়েন্টমেন্ট, সেভলন ক্রিম, রক্তচাপ মাপার যন্ত্র, পালস অক্সিমিটার, থার্মোমিটার ও ফার্স্ট এইড ব্যাগ। এ ছাড়া যাতায়াত খরচ বাবদ ১৬ জনকে মোট ১৬ হাজার টাকা দেওয়া হয়।

প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম স্থান অর্জন করেন তানজিলা মুস্তাজিন ময়না, দ্বিতীয় হন লাল খ্রিস ময় বম এবং তৃতীয় স্থান অর্জন করেন জেনি ত্রিপুরা।

তিন সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গর্ভকালীন ও প্রসবোত্তর পরিচর্যা, নিরাপদ প্রসবের মৌলিক ধারণা, নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিপৎসংকেত শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।

বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ১৬ নারীকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

বান্দরবানের অনেক দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও স্বাস্থ্যকেন্দ্রের দূরত্বের কারণে গর্ভবতী নারী ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী সেবা এবং নবজাতকের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এসব এলাকার জন্য বড় চ্যালেঞ্জ।

এ পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক সহায়তার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ নিজ এলাকায় গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরি, প্রাথমিক পর্যায়ে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ মাতৃত্ব ও মা-শিশুর স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *