বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।
বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বাড়াতে এ মহড়ায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা (হ্যাজমেট), ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ারবেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং দুর্ঘটনাকালে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।
মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
এ যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, পেশাগত জ্ঞান বিনিময় এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা ও কার্যক্রম পরিচালিত হবে।
পাঁচ দিনব্যাপী এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা আরও উন্নত করার পাশাপাশি দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।