রাষ্ট্রপতি সম্মাননা পেলেন রাজস্থলীর তরুণ উদ্যোক্তা আছোমং মারমা
![]()
জার্নাল প্রতিবেদক
সমন্বিত কৃষি ও পশুপালন খামার গড়ে তুলে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার তরুণ উদ্যোক্তা আছোমং মারমা। তাঁর উদ্যোগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় যুব ও উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আছোমং মারমার হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক।
আছোমং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মংহলাউ মারমা। বেকারত্ব দূর করে নিজের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে তিনি পশুপালন খামার গড়ে তোলেন। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের গরু পালন এবং শূকর খামার স্থাপনের মাধ্যমে ধীরে ধীরে নিজের উদ্যোগকে সম্প্রসারিত করেন।
বর্তমানে তাঁর খামারে উন্নত জাতের গরু ও শূকর পালন করা হচ্ছে। তাঁর এ উদ্যোগে নিজের কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় কয়েকজন বেকার তরুণের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
আছোমং মারমা জানান, প্রথমে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ নিয়ে তিনি গবাদিপশুর খামার গড়ে তোলেন। পরে খামারের কার্যক্রম সম্প্রসারণে কাপ্তাই কর্মসংস্থান ব্যাংক থেকেও ঋণ নেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়; এটি পুরো রাজস্থলী ও পার্বত্যবাসীর সম্মান। সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে পাহাড়ের মাটিতেও সোনা ফলানো সম্ভব। আমার এই স্বীকৃতি পার্বত্য অঞ্চলের অন্যান্য বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”
আছোমং মারমার এ অর্জনে বাঙ্গালহালিয়া ইউনিয়নসহ রাজস্থলী উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, তাঁর উদ্যোগ পাহাড়ি এলাকায় কৃষি ও পশুপালনভিত্তিক উদ্যোক্তা তৈরিতে অন্য তরুণদের উৎসাহিত করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।