লংগদুতে সার বিতরণে চালু হচ্ছে ডিজিটাল ব্যবস্থা, FDMS উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
কৃষকদের কাছে সার বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও জবাবদিহিমূলক করতে রাঙামাটির লংগদু উপজেলায় সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম (এফডিএমএস—FDMS) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) উপজেলার হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ব্যবস্থা চালুর লক্ষ্যে সার ডিলার ও খুচরা বিক্রেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা হর্টিকালচার কর্মকর্তা আসিফ মাহমুদ এবং লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া।

সভায় বক্তারা বলেন, এফডিএমএস চালুর ফলে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সহজে ও সঠিকভাবে সার পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে সার সংগ্রহে অনিয়ম ও কৃষকদের ভোগান্তি কমবে।
মতবিনিময় সভায় উপস্থিত সার ডিলার ও খুচরা বিক্রেতারা নতুন ব্যবস্থার ব্যবহারবিধি, কার্যকারিতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট সবাইকে এফডিএমএস ব্যবস্থার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।