মহালছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনিঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ধুমনিঘাট আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুমনিঘাট আর্মি ক্যাম্পের চেকপোস্টের আগে পাহাড়ে ওঠার সড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া থেকে আসা কয়েকটি মোটরসাইকেলের একটি বহর ধুমনিঘাটের দিকে যাচ্ছিল। পথে চেকপোস্টের আগের বাঁকে পৌঁছালে বহরের সর্বশেষ মোটরসাইকেলটি পিচ্ছিল সড়কে পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন। তাঁদের দুজনেরই পায়ে আঘাত লাগে।
দুর্ঘটনার খবর পেয়ে ধুমনিঘাট আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত আহতদের পাশে দাঁড়ান। তাঁরা প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ব্যবহার করে আহতদের ক্ষতস্থান পরিষ্কার করেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার পরপরই সেনা সদস্যদের দ্রুত সাড়া ও মানবিক সহযোগিতায় আহতরা প্রাথমিক চিকিৎসা পান এবং হাসপাতালে যাওয়ার ব্যবস্থা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।