কক্সবাজারে একের পর এক পেট্রোল বোমা হামলা, ইউএনও কার্যালয়সহ ৬ স্থানে তালা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারে একের পর এক পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রামু বাইপাস গেটে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের গেট, গ্রামীণ ব্যাংকের গেট, চকরিয়ার কৈয়ারবিল ও টেকনাফের শাপলাচত্বরসহ বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত না হলেও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কবির জানান, পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতার চেষ্টা চালানো ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে, চকরিয়া ইউএনও কার্যালয়সহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার পর সেখানে ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, রাতের আঁধারে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউএনও কার্যালয়ের ফটকের বাইরে তালা দেওয়া হয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় তালাগুলো খুলে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এর আগে গত রোববার দিবাগত রাতেও জেলার অন্তত আটটি স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখনো কোনো থানায় মামলা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, পরপর এসব হামলার ঘটনায় বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।