স্বাধীন দেশে কোনো অবৈধ অস্ত্রধারী থাকতে পারে না: ঊষাতন তালুকদার
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, চুক্তিবিরোধী পক্ষ (ইউপিডিএফ) সাজেক নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে এবং মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে প্রহসন চালিয়ে যাচ্ছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, তারা বলে সাজেকে সন্তু লারমার গ্রুপের কেউ থাকতে পারবে না। তাহলে ইউপিডিএফের কী হবে? ইউপিডিএফ কি তবে সরকার থেকে সাজেক লিজ নিয়েছে? এই স্বাধীন দেশে কোনো অবৈধ অস্ত্রধারী বেআইনিভাবে থাকতে পারে না। আন্দোলনকারীদের পরিষ্কার বলতে হবে যে, কোনো অবৈধ অস্ত্রধারী সাজেকে অবস্থান করতে পারবে না।

মঙ্গলবার সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এক প্রভাতফেরীর আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য গুণেন্দু বিকাশ চাকমা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী শিশির চাকমা।

সভায় বক্তারা এমএন লারমার সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরে বলেন, তিনি তাঁর পুরো জীবন শোষিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষের অধিকার আদায়ের জন্য উৎসর্গ করে গেছেন। জীবনভর তিনি স্বজাতির অধিকার রক্ষায় রাজপথে লড়েছেন।
প্রসঙ্গত, এমএন লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর ৮ সহযোগীসহ দলের বিভেদপন্থি গ্রুপের হাতে নিহত হন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।