খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও সমাজসেবা কার্যালয়ে আগুন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা মধ্যরাতে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। পরে তাঁরা খোঁজাখুঁজি করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে কার্যালয়ের পেছনের দিকের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

অন্যদিকে, একই ঘটনায় উপজেলা ভূমি অফিসেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ভূমি ব্যবস্থাপনা ও সমাজসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এসব নথির ক্ষয়ক্ষতির প্রভাব কী হতে পারে, তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি পরিকল্পিত নাশকতার ফল—তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্ত শেষে আগুনের সূত্রপাত, ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।