দুর্গম সাজেকে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে তিন ব্যক্তিকে বিজিবির আর্থিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও নিম্ন আয়ের তিন ব্যক্তিকে চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে বিজিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অনারারী সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নায়েব সুবেদার মো. মাসুদুর রহমান ও নায়েব সুবেদার মো. ফারুক হোসেন। এ সময় দুর্গম পাহাড়ি এলাকার তিনজন অসহায় ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে বাঘাইহাট নোয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা হৃদয় রঞ্জণ দেওয়ানকে উন্নত চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁর বাবার নাম পূর্ণ কুমার চাকমা। সাজেকের জপুই বিওপির অধীন নিউথাংনাং পাড়ার বাসিন্দা ডজেন ত্রিপুরাকে মেয়ের অকালমৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া নয়নং ত্রিপুরা পাড়ার বাসিন্দা জোনাল ত্রিপুরাকে চিকিৎসার প্রয়োজনে তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের চিকিৎসা ও পারিবারিক সংকটের মতো জরুরি প্রয়োজনে এ ধরনের সহায়তা সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। সীমান্ত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম হিসেবে দেখছেন এলাকাবাসী।
বিজিবির এ সহায়তা কার্যক্রমে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।