পানছড়িতে সেনাবাহিনীর আয়োজনে ২শ ছাত্রীকে নিয়ে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রীর অংশগ্রহণে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’।
কর্মশালায় বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনের প্রভাব, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দুই চিকিৎসক ও একজন বেসামরিক স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
আলোচনায় মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা বজায় রাখা, স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার, নির্দিষ্ট সময় পর তা পরিবর্তন এবং ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণের নিয়ম তুলে ধরা হয়। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়েও শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা, সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা চিকিৎসকদের কাছে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ গ্রহণ করে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মশালাটি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিষয়ক জ্ঞান অর্জনের একটি কার্যকর পরিসর তৈরি করে।
সংশ্লিষ্টদের মতে, কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কিশোরীরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও মানসিক অস্বস্তির মুখোমুখি হতে পারে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে খোলামেলা আলোচনা এবং সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। এ ধরনের কর্মশালা কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাসহ বিভিন্ন জনপদে স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলার পাশাপাশি সুস্থ ও আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরিতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।