গোপালগঞ্জে হামলা-সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার সকালে রাঙামাটি বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরনবী, সাধারণ সম্পাদক আবু শাদাৎ মোহাম্মদ সায়েম, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, সদর উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন এবং পৌর যুবদলের সভাপতি সিরাজুল মোস্তফাসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরের মতো ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটছে বলেও তাঁরা দাবি করেন। তবে বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে বক্তারা বলেন, দলটি এখন পর্যন্ত কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। তাঁদের এই সহনশীলতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার জন্যও সতর্ক করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের চেয়ে কেউ শক্তিশালী নয়। বিএনপির নেতা তারেক রহমান ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চাইলে কার্যকর পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন তাঁরা।
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যুবদল নেতারা। তাঁদের অভিযোগ, বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হলেও বর্তমানে সহিংসতার ঘটনায় প্রশাসনের ভূমিকা যথেষ্ট দৃশ্যমান নয়। প্রশাসন নিরব ভূমিকা পালন করছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলে বক্তারা বলেন, সংশ্লিষ্টদের বিষয়ে তাঁদের কাছে তথ্য রয়েছে এবং তালিকা প্রস্তুত করা হচ্ছে। কেউ দায় এড়াতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
সমাবেশ থেকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন জেলা যুবদলের নেতারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।