বান্দরবানে কুমির চাষ, বিদেশে রপ্তানী করে বছরে ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা - Southeast Asia Journal

বান্দরবানে কুমির চাষ, বিদেশে রপ্তানী করে বছরে ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে অবস্থিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমিরের খামারটিকে ঘিরে উঁকি দিচ্ছে নানা সম্ভাবনা। সাড়ে তিন হাজার কুমির নিয়ে আকিজ গ্রুপের এই খামারটি এবার বিদেশে কুমির রপ্তানি করতে যাচ্ছে। বছরে এ থেকে ৪০০ কোটি টাকা আয়ের আশা জাগাচ্ছে মিয়ানমার সীমান্তের কাছে এই খামার।

সূত্র মতে, নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম মৌজার ২৫ একর পাহাড়ি জমিতে আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ২০০৮ সালে গড়ে তোলে ‘আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম’ নামের কুমিরের খামার। সেখানে গোল্ড আয়রন অর্থাৎ ‘সোনালী লোহা’ খ্যাত কমিরের বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় ২০১০ সালে। কুমিরের এই খামারটি নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে কক্সবাজার-টেকনাফ সড়কে কাছাকাছি ঘুমধুম পাহাড়ি এলাকার তুমব্রু গ্রামে অবস্থিত। তুমব্রু গ্রামটি মিয়ানমার সীমান্তের এমনই কাছে যে, পাহাড় থেকে দেখা যায় মিয়ানমারও। বর্তমানে ওই খামারে কাজ করছেন দুজন প্রকল্প কর্মকর্তার অধীনে ২০ জন কর্মচারী। জানা যায়, ডিসেম্বরের মধ্যেই আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম থেকে চার শতাধিক কুমির মালয়েশিয়ায় রপ্তানি হতে যাচ্ছে।

সূত্র জানায়, ২০১০ সালের আগস্টে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে ৫০টি অস্ট্রেলীয় প্রজাতির কুমির আনা হয়। এর একেকটির দাম পড়ে তিন লাখ টাকা। পরে নাইক্ষ্যংছড়ির ওই খামারের উন্মুক্ত জলাশয়ে সেগুলো ছাড়া হয়। এর মধ্যে মারা যায় চারটি কুমির। ৪৬টি সুস্থ কুমিরের মধ্যে পরে স্ত্রী কুমিরের সংখ্যা দাঁড়ায় ৩১টি এবং পুরুষ কুমির ১৫টি। সেই ৪৬টি কুমির থেকে নাইক্ষ্যংছড়ির আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে বর্তমানে খামারে বাচ্চাসহ ছোট-বড় কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৪০০টি। খামারে উন্মুক্ত জলাশয় ও খাঁচার ভেতরে দুভাবেই কুমির রাখা হয়েছে। আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে কুমিরের বাচ্চা ফোটানো হয় ইনকিউবেটরে। ডিম ফোটার সঙ্গে সঙ্গেই ক্ষুদে বাচ্চাদের সংগ্রহ করে আরেকটি ইনকিউবেটরে রাখা হয়। কারণ বাচ্চাগুলোর নাভি থেকে কুসুম ছাড়তে সময় লাগে ৭২ ঘন্টা। এরপর শিশু কুমিরদের নার্সারিতে নিয়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। জন্মের পর একটি কুমির প্রায় ১২ ইঞ্চি লম্বা হয়ে থাকে। প্রায় দুই বছর বয়স হবার পর বাচ্চা কুমিরগুলোকে আকারভেদে পুকুরে স্থানান্তর করা হয়।

প্রাণিবিজ্ঞানীদের মতে, এসব কুমির প্রায় ১০০ বছর বাঁচে। প্রাপ্তবয়স্ক হতে একেকটি কুমিরের সময় লাগে অন্তত ৮ থেকে ১২ বছর। প্রাপ্তবয়স্ক হবার পর তারা হাঁস-মুরগির মতো ডিম দেয়। তবে কুমিরের ডিমের আকৃতি রাজহাঁসের মতো বড়। এরা ডিম দেয় সাধারণত বর্ষাকালে। সাধারণত ২০টি থেকে ৮০টি করে ডিম দেয় একেকটি প্রাপ্তবয়স্ক স্ত্রী কুমির। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৮০ থেকে ৮৬ দিনেই ডিম থেকে ক্ষুদে ক্ষুদে কুমির ছানারা ফুটে বের হয়।

আগামী ডিসেম্বরের মধ্যেই আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম থেকে চার শতাধিক কুমির মালয়েশিয়ায় রপ্তানি হতে যাচ্ছে। রপ্তানির জন্য তৈরি করা এসব কুমির গড়ে ৫ ফুট লম্বা। এগুলোর ওজন ২০ থেকে ২৫ কেজি। চামড়া ছাড়াও কুমিরের প্রতি কেজি মাংস ৩০ ডলারে বিক্রি হয় বিদেশে। ১২ ডলার দামে বিক্রি হয় ১ বর্গ সেন্টিমিটার চামড়া। কুমির রপ্তানি থেকে বছরে কমপক্ষে ৪০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। কুমিরের চামড়া বেশ দামি। এই চামড়া দিয়ে ব্যাগ, জুতাসহ অনেক দামি জিনিস তৈরি করা হয়। এছাড়া কুমিরের মাংস, হাঁড়, দাঁত এসবও দামি। কুমিরের হাড় থেকে তৈরি হয় পারফিউম। দাঁত থেকে গহনা বানানো হয়। আবার পায়ের থাবা থেকে চাবির রিং তৈরি হয়। কুমিরের মাংওস বেশ সুস্বাদু ও পুষ্টিকর। তাই দেশে ও বিদেশে চাহিদা প্রচুর। এককথায় কুমিরের কোন কিছুই ফেলনা নয়।

প্রসঙ্গত, দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র বাগেরহাট পূর্ব সুন্দরবনের করমজলে। ২০০০ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র শুরু হওয়ার পর সেখানে কুমির প্রথম ডিম দেয় ২০০৫ সালে। এখন পর্যন্ত করমজলে বিভিন্ন সময় ২৯২টি কুমিরের ছানা জন্ম নিয়েছে। যার মধ্যে ১৯৫টি ছানা এখনও প্রজনন কেন্দ্রে রয়েছে। ৯৭টি কুমিরের ছানা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হয়েছে।

You may have missed