রুমার দুর্গম পাহাড়ে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশিক্ষণ সেনাবাহিনীর
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার বাশিরাম পাড়ায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ ও বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল।
রবিবার (২৯ নভেম্বর) বাশিরাম পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকলাইপাড়া সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন শাফকাত মুবাররাত চৌধুরী।
সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারীদের সেলাই মেশিন পরিচালনার পাশাপাশি ঐতিহ্যবাহী তাঁত বুননের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। বিশেষ করে নারীদের অনেকেই পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণের অভাবে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার সুযোগ পান না। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং ঘরে বসে আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এক সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করে সেনাবাহিনী। বাকলাইপাড়া সাব-জোনের তত্ত্বাবধানে ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় বাশিরাম পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি আশপাশের এলাকায় বসবাসরত ম্রো, বমসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের কোনো ধরনের খরচ ছাড়াই সেলাই মেশিন পরিচালনা ও আধুনিক পদ্ধতিতে পোশাক তৈরির ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তাঁত বুননশিল্পের দক্ষতা বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা পাওয়ায় প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উপার্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে কর্মসংস্থান, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সুযোগ সীমিত। এ অবস্থায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সেলাই মেশিন পাওয়ায় তারা ঘরে বসেই পোশাক তৈরি ও তাঁতশিল্পের কাজ করে আয় করার সম্ভাবনা দেখছেন। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব নকশা, বুননশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে তৈরি পোশাক ও তাঁতজাত পণ্য উৎপাদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আয়ের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে বলে তারা মনে করছেন। এ উদ্যোগের জন্য স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা শুধু তাৎক্ষণিকভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরিই করবে না, বরং স্থানীয় জনগোষ্ঠীর নিজস্ব দক্ষতা ও ঐতিহ্যকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতেও সহায়ক হবে। বিশেষ করে নারীদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা গেলে পারিবারিক আয়ের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। বাশিরাম পাড়ায় সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশিক্ষণের এ উদ্যোগ দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ এবং স্থানীয় সংস্কৃতিনির্ভর ক্ষুদ্র উদ্যোগ বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি জোরদারেও এ ধরনের কার্যক্রম ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।