খাগড়াছড়িতে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর মানবিক সহায়তা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর মানবিক সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি মোকাবেলায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ মে রবিবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলার প্রায় ২২০ পরিবার এই সহায়তা গ্রহণ করেন।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ লিটার তৈল, ০.৫ কেজি লবন, ০১ কেজি চিনি, ০১ টি সাবানসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে দেশের জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে, করোনা মোকাবেলায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী চলমান রেখেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন।

জোন কতৃক চলমান সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় ৯ মে জোনের ইন্দ্রসিংপাড়া ও নয়াবাজার ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের সদস্যরা।

দূর্গম ইন্দ্রসিংপাড়া ক্যাম্পের সদস্যরা সকালে টহল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেন। এছাড়াও নয়াবাজার ক্যাম্পের সদস্যরা ক্যাম্প এলাকার বেশ কিছু অসহায় পরিবারের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এসময় ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে।