আজ পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন, শতভাগ বিদ্যুতায়নের পথে বাংলাদেশ
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
![]()
নিউজ ডেস্ক
শতভাগ বিদ্যুতায়নের পথে বাংলাদেশ। আজ সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই এ ঘোষণা দেবেন তিনি। সংশ্লিষ্টরা জানান, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনীতিতে গতি আনবে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা পায়রায় পৌঁছেছেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অনুষ্ঠানে যোগ দেবেন।
দীর্ঘ দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কোনও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন। একই দিনে কলাপাড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতা করারও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব জেলাজুড়ে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে আছে বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের সড়কগুলো। বর্ণিল আলোয় সাজানো হয়েছে, শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাসেল সেতু।
১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা এখন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। কয়লাচালিত কেন্দ্রটি চীন ও বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করেছে। কেন্দ্র নির্মাণে অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। পায়রা বিদ্যুৎ হাবে রাষ্ট্রীয় কোম্পানি নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কোম্পানির (সিএমসি) ৫০ শতাংশ করে মালিকানা রয়েছে।