আদালতে ওসি প্রদীপঃ দুদকের মামলায় সাক্ষী দিলেন আরও ২ জন
![]()
নিউজ ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আসামি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও দুইজন। এ সময় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন।
গত বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্য দেন দুই সাক্ষী। আগামী ১৯ এপ্রিল এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলায় বুধবার আদালতে দুই সাব-রেজিস্টার সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- কক্সবাজার জেলা সাব-রেজিস্টার শাহ মো. আশরাফ উদ্দিন ও চট্টগ্রাম সদর সার্কেলের তৎকালীন সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।
এই মামলায় গত ৪ এপ্রিল প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। ওইদিন ইনকাম ট্যাক্সের তিন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন। এর পর ৭ এপ্রিল সাক্ষ্য দিয়েছেন আরও সাত জন। আজ আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন।
এর আগে, এই মামলায় উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়েছিলেন মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ, কিন্তু আদালত তা দেননি। এ কারণে তার মামলায় সাক্ষ্যগ্রহণ হলেও জেরা শুরু হয় ৪ এপ্রিল থেকে। তবে তার স্ত্রী চুমকি কারণের সাক্ষ্যগ্রহণ আগে থেকে চালু আছে। চুমকি শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।